কিছু অলিখিত বুদবুদ-৮
 

কার অঙ্গে কে যে  ফুটে আছে

কে যে আজ সকাম ফুলের সোনালিতা ! 


এই জংশনে

ভালবাসার টোকেনগুলি


রুহ্-রুহানির

শবদেহে

আমাদের প্রবেশ ও প্রস্থানগুলি


রাত পাহারা দেয়

আর

চাঁদ পাহারা দেয় 


সেইসব মরে আসা রঙের ফিকে

সেইসব ছায়া ছায়া একার জল রঙ


গোধূলি গ্লাসে

ঢেলে দেয়

ছড়ানো শরীরে শব্দের কিমা


রাত পাহারা দেয়

আর

চাঁদ পাহারা দেয় 


একটি দেহের সমাধি প্রবাহ

একটি প্রাণের মুচড়ে ওঠা ধূম


তাক লাগা তুমুলে। তুমুল।

 

কিছু অলিখিত বুদবুদ-৯

 

শরীরের ভেতর জমা হচ্ছে 

তীব্র তরল ঝাঁঝ

মাথার ভেতর জমা হচ্ছে 

লাল হরফের দেশ


রক্তবিন্দুর একরকম সহাস্য 

ঝরে পড়ছে মেঝেয়


ঘোড়াদের প্রবাহে ঘনত্বে


সে ভাবছে এখনই 

জ্বলে উঠুক

খঞ্জর প্রতিভা


যে কাজের যা

তা সমাসন্ন

যে কাজের ছুরিকা তা তুরীয় 


মহীনের ভেতর জমা হচ্ছে 

ঘোড়াগুলি 

কফিনগুলি 

বনতলে জমা হচ্ছে মাংসময় সুষমা তার হাড়গোড়