২৭ জুলাই, ২০২৬
রহিত ঘোষালের দুটি কবিতা
রহিত ঘোষালের দুটি কবিতা
শলা


রোয়াকে রোদ্দুর, অপরিসীম বিকেল,
শ্যামাঙ্গিনী আকাশ, কাঁটাজঙ্গল,
ভাগচাষিদের ঘর, ঘরের ক্রন্দনধ্বনি—
এই সারাংশ।
কাদাজমি থেকে উঠে আসে ঘরগেরস্থি,
বুকের শিলাস্তরে ফাটল ধরে—
সম্পর্কের পর্বতমালা রমণ চায়,
লঞ্চ চলে যায় সাঁঝবেলায়
কথার হবিষ্যি আর ছাড়পত্র নিয়ে,
চোখে লেগে থাকে ঝরনার স্নান ও স্নানঘর,
তারপর সমস্তটা গ্রামপোড়া গন্ধ
জলঢাকা নদীতে গিয়ে মেশে,
পরকাল হু-হু ওড়ে সাধ-আল্লাদের বেদিতে।
 
 
 
কাগজের নৌকা
 
 
জীবনের স্তবকে এক অফিসযাত্রীর
ডুবে মরার কথা আছে, আছে পিঠে লম্বা লাঠির আঘাত, বেশ্যার মুখে শোনা রূপকথা, চৈত্র মাসের
তৃণভূমি, গাঙের ডিঙা, অনটনের শাখাপ্রশাখা,
পাগল বাতাস, কলোনির প্রেম, রেললাইনের
ইচ্ছামৃত্যু; তবু আমরা এক ব্যর্থ গান বাজতে
শুনেছি—জ্বালাপোড়া বিচ্ছেদ, কাপ-ডিশ পড়ে থাকা সারাদিন, রাজহাঁস নামে জলে, স্তবকে লাগে পূর্ণিমার আলো, প্রতিমার মাটির ঢিবি, উঁচু মনের মানুষ তমসা ভাঙে, আমাদের অস্থি কাগজের নৌকায় প্রশ্রয় পায়।
 

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪