৫ সেপ্টেম্বর, ২০২৬
অর্ঘ্য রায় চৌধুরীর দুটি কবিতা
অর্ঘ্য রায় চৌধুরীর দুটি কবিতা

সুরভিত অন্ধকারে

 

যে সম্পর্ক মুছে গেছে,

সেখানে ফিরি না আর

কী হবে সে'সব কথা ভেবে?

নতুন বাসার দিকে উড়ে গেছে পাখি

শূন্য শিশিতে যেন সুগন্ধটুকু লেগে আছে

 

আমি তো ভালোই আছি

পথ আছে, আছে রাত, অফুরন্ত সময়

নিজের সামনে বসে থাকার বিকেল

 

এখন কেউ কাছে এলে

বাইরের ঘরে শুধু জ্বালাই প্রদীপ

ভেতরের ঘরে, আসল‌ আমাকে রেখে এসে 

শুনে যাই শুধু

 

কথারা ক্লান্ত হয়, প্রদীপের নিভে আসে আলো

কিছুখন পরে ভাবি, কেউ কি সত‍্যি এসেছিল?

চিহ্ন তো রাখেনি কোথাও। ফেলেও তো যায়নি সে কিছু

শুধু শুধু জ্বলেছে প্রদীপ বেড়েছে অন্ধকারটুকু।

-----------------------

 

তারাদের এসরাজ এবং লেটার বক্স

 

চলে যাওয়াই ভালো

বহুদিন হয়ে গেল এইসব পথে 

এখন সারস এক জলের‌ গভীরে

দেখেছে নিজের ছায়া নীলিমার বনে

 

চলে যাওয়াই ভালো

বিছানার নিচে রাত হলে জেগে ওঠে মৃতের নগর

শববাহী গাড়ির মিছিল

চেরা জিভ পরিজন ঘাতকের মতো ফণা তোলে

 

চলে যাওয়াই ভালো 

সুদূর দিগন্ত জুড়ে তারাদের এসরাজ ফোটায় আকাশ ফুল

ওইখানে রামধনু রাত্রির সাঁকো 

পিয়ানোর মতো দুলে ওঠে

 

চলে যাওয়াই ভালো

দাবাড়ুর দেশ থেকে দূরে আছে সিম্ফণী গ্রাম

নদীর ব্যালাড, লেটার বক্সে ভরা মরশুমি ফুল।

সংশ্লিষ্ট পোস্ট

ফালুটে বিড়ম্বনা (অন্তিম পর্ব)
সুরজিৎ ব্যানার্জি

ফালুটে বিড়ম্বনা (অন্তিম পর্ব)

সকালের প্রথমার্ধের রোদের মনোরম উষ্ণতার আবেশ শরীরে - মননে মেখে ছন্দে ছন্দে চলি আনন্দে। লাল তেকোনা ছাদবিশিষ্ট একাকী ছোট্ট বাড়িটার মাথার ওপর খাটানো নীল বিনি পয়সার তাঁবু আর তার পাশেই অতিক্ষুদ্র জলাশয়ে নীল আকাশের ছায়াকে উদ্বেলিত করে স্তব্ধতার গান। আনমনা মন এড়াতে পারেনা থুরি এড়াতে চায়না টুমলুর মায়াবী আকর্ষণ। "ভালবাসি বিশ্বের সুষমার ছবিটি"

সাপ্তাহিক লেখালেখি২৭ জুন, ২০২৬
ভিনদেশী তারা (পর্ব-২)
মন্দিরা পাল

ভিনদেশী তারা (পর্ব-২)

ঘাটে যখন নৌকা পৌঁছলো তখন সন্ধ্যে ৬টা বেজে গেছে ! চারিদিকে অন্ধকার , বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো অনেক আগে কিন্তু এখন বেগ বাড়তে শুরু করেছে।

সাপ্তাহিক লেখালেখি১ আগস্ট, ২০২৬
আবীরলাল মন্ডলের দুটি কবিতা
আবীরলাল মন্ডল

আবীরলাল মন্ডলের দুটি কবিতা

মোবাইলটা ছুঁড়ে ফেলার মতো মাঝেমাঝেই মনে হয়, কয়েকটা সাজানো গোছানো নিয়ম ভেঙে ফেলি, সারাদিন যে মনুষ্যত্বের মুখোশ পরে ছদ্মবেশে থাকি সেটা খুলে রাস্তার ধুলোয় ফেলে দিই। যাদের কথায় মাথা নত করে পা চাটি, তাদের চোখে চোখ রেখে বলি, আজ আর মানছি না।

সাপ্তাহিক লেখালেখি১২ সেপ্টেম্বর, ২০২৬